শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজনীতি › স্থগিত হলো ১১-দলীয় ঐক্যের ২১ নভেম্বরের সিলেটমুখী লংমার্চ

স্থগিত হলো ১১-দলীয় ঐক্যের ২১ নভেম্বরের সিলেটমুখী লংমার্চ

favicon
উপচার ডেস্ক :-
স্থগিত হলো ১১-দলীয় ঐক্যের ২১ নভেম্বরের সিলেটমুখী লংমার্চ

ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থার কারণে বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার পরিকল্পনা গ্রহণ করলেও শেষ পর্যন্ত সিলেটমুখী সেই কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ২১ নভেম্বর এই লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে জনভোগান্তি ও কারিগরি নানা দিক বিবেচনায় নিয়ে কর্মসূচিটি আপাতত স্থগিত করা হয়েছে এবং নতুন কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

শুক্রবার (১৩ নভেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে সিলেটগামী মহাসড়কের চরম দুরবস্থার কারণে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে রেলপথে লংমার্চ করার প্রস্তাব আসে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বিশেষ বা নির্ধারিত ট্রেনে করে সিলেটে পৌঁছে রেলস্টেশনের কাছাকাছি কোনো স্থানে পথসভা করার কথা ছিল। সড়কপথে বিশাল বহর নিয়ে যাতায়াতের ফলে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতেই এমন বিকল্প চিন্তা করেছিলেন আয়োজকরা। তবে পরবর্তীতে রেলপথে কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে নতুন জটিলতার বিষয়টি সামনে আসে। লংমার্চ চলাকালে একই রুটে সাধারণ যাত্রীদের নিয়মিত ট্রেন চলাচল অব্যাহত থাকবে। ফলে নিয়মিত যাত্রীসেবা স্বাভাবিক ও নির্বিঘ্ন রেখে রাজনৈতিক কর্মসূচি পালন করা কতটা বাস্তবসম্মত হবে, তা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হয় এবং শেষ পর্যন্ত রেলপথে লংমার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা স্থগিত করা হয়।

এ প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, আপাতত সিলেটমুখী লংমার্চের নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। জোটের শীর্ষ নেতারা শিগগিরই বৈঠকে বসে সার্বিক দিক পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। অন্যদিকে, ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ইতিপূর্বে সম্পন্ন হওয়া কর্মসূচিগুলোর সফলতা ও মূল্যায়ন এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছিল ১১-দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে সফলভাবে লংমার্চ সম্পন্ন করে ১১ দল। এরপর তৃতীয় কর্মসূচি হিসেবে গত ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়, যার সমাপনী সমাবেশ হয়েছিল কুষ্টিয়ায়। চার বিভাগের মধ্যে সর্বশেষ কর্মসূচি হিসেবে ২১ নভেম্বর সিলেটমুখী লংমার্চ হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত থাকছে।