ব্যাচেলর পয়েন্ট ফিরলেন অন্তরা
দীর্ঘদিনের জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ আবারও দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। পঞ্চম সিজনে একসঙ্গে দুটি বড় চমক যোগ হওয়ায় নতুন করে জমে উঠেছে গল্প। একদিকে দর্শকপ্রিয় চরিত্র অন্তরা ফিরে এসেছেন, অন্যদিকে নতুন চরিত্র স্পর্শ নিয়ে যুক্ত হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ফারিয়া শাহরিন সাম্প্রতিক কয়েকটি সিজনে অনুপস্থিত থাকায় দর্শকরা তাকে ভীষণভাবে মিস করছিলেন। সেই অপেক্ষার অবসান ঘটেছে পঞ্চম সিজনে তার প্রত্যাবর্তনের মাধ্যমে। অন্তরার ফিরে আসার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমেও উচ্ছ্বাস দেখা গেছে। ফারিয়া শাহরিন নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘তোমরা কি আমাকে মিস করেছিলে? অন্তরা কিন্তু চলে এসেছে।’ মন্তব্যে অনেক দর্শকই জানিয়েছেন, ‘অন্তরা ছাড়া ব্যাচেলর পয়েন্ট অসম্পূর্ণ।’
এদিকে নতুন চমক হিসেবে ধারাবাহিকটিতে যুক্ত হয়েছেন অর্চিতা স্পর্শিয়া। তার চরিত্রের নাম স্পর্শ—যা বাস্তব জীবনেও তার ডাকনাম। নতুন এই চরিত্রটি ব্যাচেলরদের বাসায় নতুন ভাড়াটিয়া হিসেবে প্রবেশ করে, সঙ্গে থাকে তার ভাই, ভাবি ও ভাতিজা। এই নতুন উপস্থিতিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নানা মজার ও হাস্যরসাত্মক পরিস্থিতি, যা গল্পে যোগ করেছে ভিন্ন মাত্রা।
চরিত্রটি নিয়ে স্পর্শিয়া বলেন, ‘বাস্তব জীবনেও সবাই আমাকে স্পর্শ বলেই ডাকে। তাই নাটকেও এই নামটা পেয়ে ভালো লেগেছে।’ গল্পের ভবিষ্যৎ মোড় নিয়ে তিনি আপাতত মুখ খুলতে চান না।
কাজ বাছাইয়ের বিষয়ে স্পর্শিয়া জানান, ‘সাম্প্রতিক সময়ে সিরিয়াস ধরনের কাজ বেশি করেছি। ব্যাচেলর পয়েন্টের মতো একটি মজার ধারাবাহিকে ভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত।’ তিনি আরও যোগ করেন, ‘সব বয়সি দর্শক এই সিরিজটি দেখে—এটা যুক্ত হওয়ার আগেই বুঝেছিলাম। আমার পর্ব প্রচারের পর বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।’
সব মিলিয়ে, অন্তরার প্রত্যাবর্তন ও স্পর্শের নতুন সংযোজনে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন দর্শকদের জন্য নিয়ে এসেছে দ্বিগুণ আকর্ষণ ও বিনোদন।