শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › সম্পাদকীয় › শীতার্তদের উষ্ণতা দেওয়া মুমিনের নৈতিক ও সামাজিক দায়িত্ব

শীতার্তদের উষ্ণতা দেওয়া মুমিনের নৈতিক ও সামাজিক দায়িত্ব

favicon
লেখক মো: নুরে ইসলাম মিলন:-
শীতার্তদের উষ্ণতা দেওয়া মুমিনের নৈতিক ও সামাজিক দায়িত্ব

প্রকৃতিতে শীতের আগমন ঘটলেই আমাদের নাগরিক জীবনে এক ধরনের উৎসব ও বৈচিত্র্যের আমেজ তৈরি হয়। আলমারি থেকে বেরিয়ে আসে বাহারি রঙের সোয়েটার, শাল ও জ্যাকেট; শীত উপভোগের নানা আয়োজনে মেতে ওঠে সামর্থ্যবান মানুষ। অথচ ঋতুবদলের এই শীতই উত্তরবঙ্গসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের নদীভাঙনে ঘরহারা মানুষ, শহরের ফুটপাথ, রেলস্টেশন ও বাস টার্মিনালে রাত কাটানো ছিন্নমূল জনগোষ্ঠী এবং নিম্ন আয়ের অসংখ্য পরিবারের জন্য হয়ে ওঠে চরম দুর্ভোগের কারণ।

যাদের সামর্থ্য নেই নিজেদের কিংবা সন্তানদের জন্য এক টুকরো গরম কাপড় কেনার, তাদের কাছে শীতের প্রতিটি রাত যেন একেকটি কঠিন জীবনসংগ্রাম। উষ্ণ কাপড়ের অভাবে অবোধ শিশুকে রাত কাটাতে হয় নির্ঘুম কষ্টে, আর অসহায় বৃদ্ধকে পোহাতে হয় শীতজনিত নানা রোগের অসহনীয় যন্ত্রণা। কখনো কখনো এই চরম অসহায়ত্ব মানুষের জীবনকেও ঝুঁকির মুখে ঠেলে দেয়।

এমন কঠিন বাস্তবতায় আমরা যদি কেবল নিজেদের আরাম-আয়েশ ও উষ্ণতার বৃত্তে আবদ্ধ থাকি, তবে তা ইসলামের শাশ্বত শিক্ষার সঙ্গে কখনোই সংগতিপূর্ণ হতে পারে না। কারণ ইসলাম কেবল আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের প্রতি ভালোবাসা, অসহায়ের পাশে দাঁড়ানো, সৃষ্টির প্রতি দয়া ও সামগ্রিক মানবকল্যাণের মধ্যেই এর প্রকৃত সৌন্দর্য ও পূর্ণতা নিহিত। তাই শীতার্ত মানুষের হাতে এক টুকরো উষ্ণ কাপড় তুলে দেওয়া নিছক কোনো দান বা অনুগ্রহ নয়; বরং এটি আমাদের মানবিক দায়িত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং ঈমানের এক অপরিহার্য দাবি।

ইসলামি জীবনদর্শনে মানবসেবাকে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়েছে।

পবিত্র কুরআনের সুরা আল-ইনসানের ৮ নম্বর আয়াতে জান্নাতবাসীদের অন্যতম বৈশিষ্ট্য উল্লেখ করে বলা হয়েছে, তারা কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অভাবগ্রস্ত, এতিম ও বন্দিকে খাবার দান করে। শীতের তীব্রতায় ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়া এবং বস্ত্রহীন মানুষের উষ্ণতার ব্যবস্থা করা এই কুরআনিক শিক্ষারই বাস্তব প্রতিফলন।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাণী রয়েছে, “যারা পৃথিবীবাসীর প্রতি দয়া করে, পরম করুণাময় আল্লাহ তাদের প্রতি দয়া করেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, আসমানবাসী তোমাদের প্রতি দয়া করবেন” (জামে তিরমিজি)।

অর্থাৎ সৃষ্টির প্রতি দয়া ও নিঃস্বার্থ সেবা প্রদর্শন মূলত স্রষ্টার রহমত ও নৈকট্য লাভের সুগম পথ।

আমরা যখন কোনো শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল বা শীতবস্ত্র জড়িয়ে দিই, তখন কেবল তার শরীরকেই উষ্ণ করি না; বরং তার মনে সমাজের প্রতি আস্থা, ভালোবাসা ও নিরাপত্তার অনুভূতিও ফিরিয়ে আনতে সাহায্য করি।

ইসলামের দৃষ্টিতে সামর্থ্যবান মানুষের সম্পদে অভাবী ও বঞ্চিতদের সুনির্দিষ্ট অধিকার রয়েছে। পবিত্র কুরআনের সুরা আজ-জারিয়াতের ১৯ নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে, মুমিনদের সম্পদে সাহায্যপ্রার্থী ও বঞ্চিতদের নির্ধারিত অধিকার রয়েছে। অতএব, শীতের মৌসুমে কোনো অসহায় মানুষকে সহযোগিতা করা নিছক দয়া বা করুণা প্রদর্শন নয়; বরং তার প্রাপ্য অধিকারটুকু সম্মানজনকভাবে তার হাতে পৌঁছে দেওয়া।

প্রতিবেশী কিংবা আশপাশের কোনো মানুষ তীব্র শীতে কষ্ট পাচ্ছে, অথচ সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা তার খোঁজ নিচ্ছি না-এটি নিঃসন্দেহে আমাদের মানবিক ও নৈতিক অবক্ষয়ের পরিচায়ক।

রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন, “তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারে না, যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে, তার ভাইয়ের জন্যও তা পছন্দ করে” (সহিহ বুখারি)। নিজের জন্য যে উষ্ণতা, নিরাপত্তা ও স্বস্তি আমরা কামনা করি, সমাজের অন্য মানুষদের জন্যও তা কামনা করাই এই মহান শিক্ষার মূল তাৎপর্য।

ইসলামের অনন্য সৌন্দর্য এখানেই যে, এটি মুমিনদের পারস্পরিক সম্পর্ককে একটি অখণ্ড দেহের সঙ্গে তুলনা করেছে। দেহের একটি অঙ্গ ব্যথিত হলে যেমন পুরো শরীর সেই যন্ত্রণায় কাতর হয়ে পড়ে, তেমনি সমাজের একটি অংশের মানুষ শীতে কষ্ট পেলে অন্যদেরও সেই ব্যথা অনুভব করা উচিত। দেশের একপ্রান্তের মানুষ যখন তীব্র শীতে কাঁপছে, তখন অন্যপ্রান্তের মানুষ অহেতুক বিলাসিতায় মগ্ন থাকবে-এমন চরম বৈষম্য কোনো সুস্থ ও মানবিক সমাজের পরিচয় হতে পারে না।

জাকাত ও সদকার মতো গুরুত্বপূর্ণ বিধান ইসলামে প্রবর্তন করা হয়েছে সম্পদের সুষম বণ্টন এবং অসহায় মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে। তাই শীতের এই সময়ে সরকারি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক পর্যায়েও প্রত্যেকের এগিয়ে আসা জরুরি।

তবে শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রে লোকদেখানো মানসিকতা পরিহার করে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা, মানসম্মত গরম কাপড় পৌঁছে দেওয়া এবং শহরের গণ্ডি পেরিয়ে প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের মানুষের কাছে সহায়তা পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি নিজেদের অপচয় ও বিলাসিতার বাজেট থেকে সামান্য অর্থ বাঁচিয়ে একজন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, তবে সেই ক্ষুদ্র উদ্যোগও কারও জীবনে বড় স্বস্তি এনে দিতে পারে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, এক টুকরো খেজুর সদকা করার মাধ্যমে হলেও।” অর্থাৎ সামর্থ্য যতটুকুই হোক না কেন, মানুষের কল্যাণে আন্তরিকতা ও সদিচ্ছার গুরুত্বই সর্বাধিক।

শীতকাল যেমন অসহায় ও ছিন্নমূল মানুষের জীবনে দুর্ভোগের বার্তা নিয়ে আসে, তেমনি একজন সচেতন মুমিনের জন্য এটি আত্মশুদ্ধি, ইবাদত ও মানবসেবার এক সুবর্ণ সুযোগ। দিন ছোট হওয়ায় এ সময় নফল রোজা রাখা তুলনামূলক সহজ হয় এবং রাত দীর্ঘ হওয়ায় তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্যও পর্যাপ্ত সময় পাওয়া যায়।

তবে ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সৃষ্টির সেবা করাও আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম প্রধান মাধ্যম। সহিহ মুসলিমের হাদিসে রাসুলুল্লাহ (সা.) নিশ্চিত করেছেন, “আল্লাহ বান্দার সাহায্যে থাকেন, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে।”

এই কালজয়ী শিক্ষাকে হৃদয়ে ধারণ করে আসুন, আমরা সবাই শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াই। আমাদের কাছে যা সামান্য ও অপ্রয়োজনীয়, কোনো ছিন্নমূল মানুষের কাছে তা-ই হতে পারে হাড়কাঁপানো শীত নিবারণের একমাত্র অবলম্বন। আমাদের সামান্য সহমর্মিতা ও মানবিক উদ্যোগই হয়তো কোনো অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে এবং ইহকালীন শান্তির পাশাপাশি পরকালীন মুক্তি ও কল্যাণের পাথেয় হয়ে থাকবে।

লেখক :-

মো: নুরে ইসলাম মিলন

যুগ্ম-সম্পাদক

দৈনিক উপচার।