বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
রাজশাহীর বাঘা উপজেলায় জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর উপায়ে ভেজাল গুড় উৎপাদনের দায়ে এক অসাধু ব্যবসায়ীকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানায় মজুত থাকা বিপুল পরিমাণ ভেজাল গুড় এবং গুড় তৈরিতে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক ও সরঞ্জাম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে বাঘা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা নতুনপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত মো. নাসির উদ্দীন সরকার ওই গ্রামের আফু সরকারের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা।
সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শীত মৌসুমকে সামনে রেখে বাঘা উপজেলার ঐতিহ্যবাহী গুড়ের বাজারের সুনাম ক্ষুণ্ণ করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে গোপনে ভেজাল গুড় তৈরি করে আসছিল। অভিযুক্ত নাসির উদ্দীন সরকার নিজ বাড়িতে কারখানা স্থাপন করে প্রকৃত খেজুর বা আখের রসের পরিবর্তে চিনি, চুন, ফিটকিরি, হাইড্রোজ, ডালডা, আটা এবং কাপড়ে ব্যবহৃত ক্ষতিকর রঙ ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে এসব ভেজাল গুড় উৎপাদন ও বাজারজাত করতেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে ভেজাল গুড় তৈরির প্রমাণ পায় উপজেলা প্রশাসন। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সব ভেজাল উপকরণ বিনষ্ট করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা জানান, খাদ্যপণ্যে ভেজাল মেশানো এবং অস্বাস্থ্যকর উপায়ে ক্ষতিকর রাসায়নিক দিয়ে খাদ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স বা কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, ভেজাল গুড় উৎপাদন, মজুত ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অসাধু ব্যবসায়ীদের এ ধরনের অনৈতিক ও জনস্বাস্থ্যবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি নিশ্চিত করেন যে, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।