রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › রাজশাহীতে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

রাজশাহীতে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর
favicon
স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।

নতুন শিক্ষাজীবনের সূচনায় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহী পুলিশ লাইনসের কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবির। শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। পাশাপাশি আন্তর্জাতিক কর্মক্ষেত্রেও নিজেদের মেধা, দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিচ্ছেন। তাঁদের সাফল্য দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। শিক্ষার্থীদের এই অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে মানসম্মত শিক্ষা ও উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে একটি বড় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশে পাঠদান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ভূমিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে এবং নিজেদের মেধা বিকাশের সুযোগ পায়, সে লক্ষ্যে শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষা কেবল ভালো ফলাফল অর্জনের মাধ্যম নয়; বরং একজন মানুষকে সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম প্রধান ভিত্তি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনা ও উন্নয়নের দায়িত্ব গ্রহণ করবে। তাদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ।

তিনি বলেন, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রতিষ্ঠান শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজশাহী নগরীর উন্নয়ন প্রসঙ্গে রাসিক প্রশাসক বলেন, রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় নগরবাসীর সহযোগিতাও প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নবীনবরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, নবীন শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন শিক্ষাজীবনের শুরুতে অতিথিদের বক্তব্য ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ জোগায়।