মোহনপুরে কট সেবন করে তিনজনের মৃত্যু, থমথমে ধোপাঘাটা বাজার
রাজশাহীর মোহনপুর উপজেলার ধোপাঘাটা বাজার ও আশেপাশের এলাকায় মাদকদ্রব্য অ্যালকোহল (কট) সেবন করে মৃত্যুর ঘটনা এখন নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে। বৃহস্পতিবার রাতে মাদক সেবন করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু ঘটে, যা এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর ধোপাঘাটা বাজারে কট অতিরিক্ত সেবন করে চারজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে মুক্তার হোসেনের ছেলে বুলবুল হোসেন (২৬), ধোপাঘাটা গ্রামের পিন্টু (৫৫), মৌপাড়া গ্রামের মৃত নাজিবুর রহমানের ছেলে শাহিন আলম (৪৬) ও পার্শ্ববর্তী পবা উপজেলার মাধায়পাড়া গ্রামের হাবিবুর রহমান হবি ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুলবুল হোসেনের মৃত্যুর খবর রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি।
মোহনপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মেডিকেল রিপোর্টে হার্ট ফেইলিউরকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ঘটনার কারণে থানায় কোন মামলা দায়ের হয়নি।
রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আখতার বলেন, ধোপাঘাটা এলাকায় আগে অতিরিক্ত মাদক সেবনে চারজনের মৃত্যু হয়েছে। সম্প্রতি তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে তাদের পরিবারের পক্ষ থেকে সঠিক তথ্য জানানো হচ্ছে না। তিনি জানিয়েছেন, ঘটনার সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত করতে ঘটনাস্থলে নিজে যাচ্ছেন।
স্থানীয়রা বলছেন, ধোপাঘাটা বাজার মাদকব্যবসায় একটি কেন্দ্র হিসেবে পরিচিত। কয়েক মাসের ব্যবধানে এখানে অন্তত ৮-১০ জন মাদকসেবীর মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতি বাজারের সাধারণ মানুষ এবং এলাকায় বসবাসকারী শিশু-কিশোরদের জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মাদক বিক্রি ও সেবন নিয়ন্ত্রণের অভাবে ধোপাঘাটা ও আশেপাশের এলাকা ক্রমেই ‘মাদকনির্ভর অঞ্চল’ হিসেবে পরিচিত হয়ে উঠছে।
নেশা জাতীয় মাদকদ্রব্য কট সেবনের কারণে প্রাণহানির এই ক্রমবর্ধমান ঘটনার প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর তৎপরতা বাড়ানো জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।