রাজশাহীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য আটক সরঞ্জাম উদ্ধার
রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট ও মার্কশিট তৈরির একটি সক্রিয় চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। এ সময় জালিয়াতি কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব বিভিন্ন ধরনের অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করে আসছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, অস্ত্র উদ্ধার, সংঘবদ্ধ অপরাধ, ভেজাল পণ্য, ছিনতাই, অপহরণসহ মাদকবিরোধী অভিযানের পাশাপাশি প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ অপারেশন দল গত ৭ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার কুমারপাড়া (ঘোষপাড়া) আলুপট্টি রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অভিজিৎ মন্ডল (২৭) ও রায়হান আউয়াল (২১) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই রাজশাহীর বোয়ালিয়া এলাকার বাসিন্দা।
র্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে আরেক সহযোগী মোঃ আব্দুল বাছিত রিয়ানের সঙ্গে মিলে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে নকল শিক্ষাগত সনদ ও মার্কশিট তৈরির অর্ডার সংগ্রহ করত। পরবর্তীতে তারা অত্যন্ত কৌশলে এসব ভুয়া সনদ তৈরি করে গ্রাহকদের কাছে সরবরাহ করত।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে জালিয়াতি কাজে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং নকল সনদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এই প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার বোয়ালিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।