গোদাগাড়ীতে চাঞ্চল্যকর শিহাব রানা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঞ্চল্যকর অটোরিকশাচালক শিহাব রানা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. হাবিবুল বাশার শিমুলকে (২০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) এসআরবি-৫-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. হাবিবুল বাশার শিমুল গোদাগাড়ী উপজেলার লস্করহাটি গ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে যে গোদাগাড়ী থানার একটি হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিএসসি, রাজশাহীর একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে এবং শিমুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর ভুক্তভোগী শিহাব রানা অটোরিকশার মালিক বিপ্লবের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বের হন। এরপর দিন গড়িয়ে রাত হলেও তিনি আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন ২৮ অক্টোবর শিহাবের মা শিরিন আক্তার গোদাগাড়ী থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৪২২) করেন।
পরবর্তীতে নিখোঁজের চার দিন পর গত ৩১ অক্টোবর সকাল আনুমানিক ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের কলিপুর গ্রামে গোদাগাড়ী-আমনুরা সড়কের পশ্চিম পাশে কামরুজ্জামান নামের এক ব্যক্তির ধানখেত থেকে শিহাব রানার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছায়া তদন্ত শুরু করে। মামলার তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডের সঙ্গে মো. হাবিবুল বাশার শিমুলের সম্পৃক্ততার তথ্য উঠে আসে। ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে চলে যান। অবশেষে এসআরবি-৫-এর অভিযানে তাকে আইনের আওতায় আনা সম্ভব হলো।