চারঘাটে ৩৮৪ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহীর চারঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৮৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। এ সময় তার সহযোগী অপর এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, রোববার (২ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটে চারঘাট মহিলা ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে বানেশ্বর-চারঘাট সড়কে অভিযান চালিয়ে উপজেলার পাটিয়াকান্দি গ্রামের বাসিন্দা মো. আনারুল ইসলামের ছেলে মো. সেতাব উদ্দিন (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. গনি চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল রাত ১২টা ৫ মিনিট থেকে চারঘাট বাজারের চৌরাস্তা মোড় ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চারঘাট মহিলা ডিগ্রি কলেজের সামনে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে রাত ১২টা ১৫ মিনিটে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করে। ধাওয়া করে সেতাব উদ্দিনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে থাকা একটি নীল রঙের পলিথিন থেকে ৩৮৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অভিযানের সময় তার সহযোগী মো. আকাশ (৩০), পিতা- মো. সাধু, গ্রাম- শিমুলিয়া, থানা- চারঘাট, জেলা- রাজশাহী, ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত সেতাব উদ্দিন ও পলাতক আকাশের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, "মাদকের বিরুদ্ধে চারঘাট মডেল থানার অবস্থান জিরো টলারেন্স। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলবে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মাদকমুক্ত চারঘাট গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করছি।"