নকল ও অননুমোদিত চিপস তৈরি ও বিক্রি
রাজশাহী মহানগরীতে ভোক্তাস্বার্থ সংরক্ষণ ও ভেজালবিরোধী তদারকি অভিযানের অংশ হিসেবে দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আর্থিক জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে বিপুল পরিমাণ অননুমোদিত ও নকল খাদ্যপণ্য জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার (২ আগস্ট) মহানগরীর বনলতা আবাসিক এলাকা ও পবা পাড়ায় এই বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেনের সরাসরি নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, এলাকাগুলোতে কতিপয় অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে অননুমোদিত ও নকল চিপস উৎপাদন এবং বাজারজাত করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে মেসার্স প্যারাডাইস ডিস্ট্রিবিউশন এবং মাজেদা ফুড প্রোডাক্টস নামে দুটি প্রতিষ্ঠানকে হাতেনাতে ধরা হয়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অননুমোদিত ও নকল চিপস সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে উভয় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
একই সময়ে এসব কারখানা ও বিতরণ কেন্দ্র থেকে জব্দ করা বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর ও নকল খাদ্যপণ্য স্পটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজালমুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে তাদের এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অসাধু প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও বিক্রির সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলেও তিনি সতর্ক বার্তা দেন।