নাটোরে ‘কাকন বাহিনীর’ পলাতক আসামি রানাকে চারঘাটে গ্রেপ্তার
রাজশাহীর চারঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাটোর জেলার লালপুর থানার আলোচিত ‘কাকন বাহিনীর’ সক্রিয় সদস্য ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি মো. রানাকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রানা চারঘাট উপজেলার হাবিবপুর তোয়াজের মোড় এলাকার মো. লুৎফর রহমান ও মোছা. মমতাজ বেগমের ছেলে।
পুলিশের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, গ্রেপ্তারকৃত রানার বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় রাতের আঁধারে অনধিকার প্রবেশ, শারীরিক নির্যাতন ও বাসগৃহে দুঃসাহসিক চুরি বা ডাকাতি সংক্রান্ত অপরাধে মামলা রয়েছে। উক্ত মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি প্রায় এক বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উপজেলার আরজি সাদীপুর ইউনিয়নের মিয়াপুর চাইপাড়া গ্রামে এক নিকটাত্মীয়ের বাড়িতে গোপনে অবস্থানকালে কৌশলগত অবস্থান নিয়ে রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। রানা নাটোর ও রাজশাহী সীমান্তবর্তী অঞ্চলের অপরাধমূলক চক্র ‘কাকন বাহিনীর’ সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরোয়ানাভুক্ত ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে চারঘাট থানার এ ধরনের নিয়মিত চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামি মো. রানাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।