তানোরে উদযাপিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই দূরদর্শী প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর তানোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বীর যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও এক আবেগঘন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট সকাল ১১টায় তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মিলনায়তনে এই স্মারক সভার আয়োজন করা হয়।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মজিবর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানের আত্মদানকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা এম সাইফুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. বার্নাবাস হাসদাক, তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী।
এছাড়াও রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ডি এম আক্কাস আলী, তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, তানোর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিম এবং সদস্য সচিব মোতালেব হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় সুধীজন, শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যমকর্মীদের পাশাপাশি ঐতিহাসিক আন্দোলনে প্রত্যক্ষ অবদান রাখা বহু জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সর্বসম্মতভাবে উল্লেখ করেন যে, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের দীর্ঘ ইতিহাসে এক স্বৈরাচারবিরোধী অভূতপূর্ব ও অবিস্মরণীয় অধ্যায়। শহীদদের রক্তস্নাত আত্মত্যাগ এবং অকুতোভয় সংগ্রামকে হৃদয়ে ধারণ করে দেশকে কাঙ্ক্ষিত উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার ও টেকসই গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকল সুধীজন।