ফাতেমা খাতুনের জানাজায় শোকসন্তপ্ত মানুষের ঢল
রাজশাহী মহানগরীর ১১ নম্বর ওয়ার্ড মহল্লা কমিটির সভাপতি মোঃ বাবুর মাতা মোছাঃ ফাতেমা খাতুন (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে পরিবার-পরিজনসহ স্থানীয় এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
বুধবার বাদ জোহর রাজশাহী মহানগরীর কারিগরপাড়া-হেতোম খাঁ এলাকার ঐতিহাসিক রাজারহাতা জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষের ব্যাপক সমাগম ঘটে।
জানাজার নামাজে অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানান। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত স্বজনদের এই গভীর শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।
এ সময় মরহুমার পরিবারের সদস্য, নিকটাত্মীয়, ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে রাজারহাতা সংলগ্ন কবরস্থানে মরহুমার মরদেহ চিরনিদ্রায় শায়িত করা হয় এবং সেখানে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।