নিয়ামতপুরে মিলাদে এসে সাপের কামড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
নওগাঁর নিয়ামতপুরে খালুর বাড়িতে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নিতে এসে বিষধর সাপের কামড়ে নাহিদ হাসান নামের চার বছর বয়সী এক নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের কাপাষ্টিয়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু নাহিদ হাসান নওগাঁর পোরশা উপজেলার সোমনগর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় বিশ দিন আগে কাপাষ্টিয়া গ্রামের বাসিন্দা মো. মতিউর রহমান (৩৫) সাপের দংশনে মারা যান। প্রয়াত মতিউর রহমানের রুহের মাগফিরাত কামনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পারিবারিকভাবে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেই মিলাদ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার পরিবারের সঙ্গে খালু মতিউর রহমানের বাড়িতে আসে শিশু নাহিদ। রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে অর্থাৎ রাত আনুমানিক তিনটার দিকে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ নাহিদকে কামড় দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন জেগে ওঠে সাপের কামড়ের বিষয়টি বুঝতে পারেন। পরে কালবিলম্ব না করে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালের দিকে শিশু নাহিদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজিনগর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ফজলুল হক শাহ জানান, ২০ দিনের ব্যবধানে একই পরিবারে আবারও সাপের কামড়ে শিশুর মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম ঘটনার বিষয়ে জানান, সাপের কামড়ে শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।