পুলিশ কর্মকর্তা গাজিউর রহমানের পেশাদারিত্বের প্রশংসায় আরএমপি কমিশনার ও সাংবাদিক নেতৃবৃন্দ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এবং মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান, পিপিএম-কে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো নেতিবাচক ও ভিত্তিহীন প্রচারণার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এমন পরিস্থিতিতে এই পুলিশ কর্মকর্তার দীর্ঘদিনের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠাবান ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত বা উদ্দেশ্যপ্রণোদিত কোনো প্রচারণা নয়, বরং একজন কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও পেশাদারিত্বই তার মূল্যায়নের প্রকৃত মাপকাঠি হওয়া উচিত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি আরএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) নেতৃত্বে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২জন নেতাকে গ্রেপ্তার করা হয়। এই সফল অভিযানের পরপরই একটি স্বার্থান্বেষী মহল গাজিউর রহমানকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও প্রোপাগান্ডা ছড়াতে শুরু করে। একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নারায়ণগঞ্জের ‘তানভীর রিজভী’ নামক একটি ফেসবুক আইডি থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের বন্ধু সাজিয়ে ফুল দেওয়ার একটি পুরোনো ও অপ্রাসঙ্গিক ছবি পোস্ট করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।
এই ঘটনায় গাজিউর রহমানের কর্মস্থল ও নিজ এলাকার সাধারণ মানুষসহ রাজশাহীর সচেতন নাগরিক সমাজ তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। নাগরিকদের মতে, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় উত্থাপন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি হওয়া বাঞ্ছনীয়। কোনো প্রকার তথ্য-প্রমাণ যাচাই-বাছাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো কিংবা ব্যক্তিগত আক্রমণ করা কোনোভাবেই কাম্য নয়।
বিষয়টি নিয়ে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম বলেন, গাজিউর রহমান একজন অত্যন্ত অভিজ্ঞ, দায়িত্বশীল ও পেশাদার পুলিশ কর্মকর্তা। দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। ব্যক্তিগত প্রচারণার চেয়ে একজন কর্মকর্তার কর্মদক্ষতা ও সততাই মুখ্য হওয়া উচিত উল্লেখ করে কমিশনার আশা প্রকাশ করেন, আগামীতেও তার এই জনবান্ধব ও পেশাদার ভূমিকা অব্যাহত থাকবে।
ব্যক্তিগত ও কর্মজীবনের তথ্য বিশ্লেষণে জানা যায়, ২৯তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা রাজশাহীর বাগমারা উপজেলার নন্দনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্টার মার্কসসহ এসএসসি এবং দুর্গাপুরের দাওকান্দি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস ডিগ্রি অর্জন করেন। তিনি ছাত্র জীবনেই বগুড়া সদরের পিটিআই মোড় এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
পুলিশের বিশ্বস্ত সূত্র জানায়, দীর্ঘ ১৬ বছরের কর্মজীবনে গাজিউর রহমান বিভিন্ন সময়ে প্রতিকূল পরিস্থিতি ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। বিগত সরকারের আমলে ২০১৬ সালে তার ব্যাচের সহকর্মীদের পদোন্নতি দেওয়া হয়নি। বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলে পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাকে প্রায় তিন বছর নানাভাবে হয়রানি করা হয়। এ ছাড়া বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়েরকৃত একটি অর্থপাচার মামলার রায়ে খালাস পাওয়ার পর তৎকালীন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম কর্তব্যরত অবস্থায় তাকে মিষ্টি খাওয়ানোর একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় সে সময়ও তিনি প্রশাসনিক রোষানলে পড়েছিলেন।
গত দুই বছর ধরে আরএমপির মিডিয়া উইংয়ের মুখপাত্র হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন গাজিউর রহমান। এই দীর্ঘ সময়ে তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ওঠেনি। তবে সম্প্রতি আরএমপির গোয়েন্দা শাখায় (ডিবি) অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পরপরই একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে মো. গাজিউর রহমানের ঘনিষ্ঠজনেরা জানান, কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তাকে প্রতিকূলতা ও হয়রানির মুখোমুখি হতে হয়েছে। অতীতেও রাজনৈতিক পরিচয়ের তকমা ও বিভিন্ন ছবিকে কেন্দ্র করে তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা হয়েছিল। তবে সব বাধা উপেক্ষা করে তিনি সবসময় পেশাদারিত্ব, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তারা আরও বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো উচিত; পরিচয় গোপন করে ভুয়া আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো সম্পূর্ণ অনৈতিক। গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশ পুলিশকে একটি আধুনিক, পেশাদার ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি তার দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এদিকে, একজন নিষ্ঠাবান ও গণমাধ্যমবান্ধব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এমন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার পেশাদারিত্বের প্রশংসা করেছেন রাজশাহীর শীর্ষ সাংবাদিক নেতৃবৃন্দ। রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, গাজিউর রহমান একজন সৎ, নির্ভীক ও অত্যন্ত পেশাদার পুলিশ কর্মকর্তা। আরএমপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের শুরু থেকেই তিনি গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে সবসময় আন্তরিক সহযোগিতা করে আসছেন। অপরাধ দমনে তার কঠোর অবস্থানের কারণেই একটি স্বার্থান্বেষী মহল তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অপপ্রচারে নেমেছে।
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. নুরে ইসলাম মিলন বলেন, দীর্ঘ ১৬ বছরের কর্মজীবনে যিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন, ডিবিতে দায়িত্ব পাওয়ার পরপরই তার বিরুদ্ধে ভুয়া আইডি থেকে প্রোপাগান্ডা ছড়ানো অত্যন্ত দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচার সৎ কর্মকর্তাদের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা মাত্র। আমরা এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই এবং অপপ্রচারকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আরিফুল হক রনি বলেন, তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে যাচাই-বাছাই ছাড়া একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো সাইবার অপরাধের শামিল। গাজিউর রহমান সবসময় সঠিক তথ্য দিয়ে সাংবাদিকদের সহায়তা করেছেন। ব্যক্তিগত আক্রমণ বন্ধ করে সাইবার সুরক্ষা আইনে এসব গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
এ ছাড়া বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, মাঠে-ময়দানে দায়িত্ব পালনের সময় আমরা দেখেছি গাজিউর রহমান অত্যন্ত জনবান্ধব ও পেশাদার একজন কর্মকর্তা। অতীতেও তিনি নানা প্রতিকূলতা ও বঞ্চনা মোকাবিলা করে সততার সাথে কাজ করেছেন। ভুয়া ছবি ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তার মতো নিষ্ঠাবান কর্মকর্তার অর্জনকে ম্লান করা যাবে না।