ভয়ের পরিবেশ তৈরি করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফেরানোর চেষ্টা চলছে
সন্ত্রাস ও ভয়ের পরিবেশ তৈরি করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ফুল ছিটিয়ে দেশে ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, বাংলার মানুষ কোনো পলাতক ফ্যাসিস্ট শক্তিকে এ দেশে আর রাজনীতি করার সুযোগ দেবে না।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাধারণ সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির চিত্র তুলে ধরে আইনমন্ত্রী বলেন, গত প্রায় নয় মাসে দেশে একটিও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি এবং গুমের সংস্কৃতি পুরোপুরি বন্ধ হয়েছে। এমনকি পুলিশ বাহিনীও অতীতের মতো মিথ্যা মামলা দায়েরের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে ব্যাপকভাবে কাজ করছে। সাম্প্রতিক নাশকতা ও বোমা হামলার প্রসঙ্গ টেনে তিনি জানান, যারা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে বোমা হামলা চালাচ্ছে, তাদের অনেকেই ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। এই নাশকতা সিন্ডিকেটের নেপথ্যে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের পাশাপাশি সাংবাদিকদের কাছেও তথ্য-উপাত্ত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, পরবর্তী প্রজন্মের কাছে সাংবাদিকতার মর্যাদা ও আস্থার জায়গা ধরে রাখতে অপসাংবাদিকতার বিরুদ্ধে সবাইকে কথা বলতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দুর্নীতি, মাদক ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে কলম ধরার পাশাপাশি সরকারের ইতিবাচক ও জনকল্যাণমূলক কাজগুলোও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানান আইনমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকার ও বিএনপি অত্যন্ত সহনশীলতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করছে। রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে তিনি বলেন, মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াতে ইসলামীর আমির জাতীয় সংসদে দাঁড়িয়ে কারও সম্পর্কে এমন অশালীন ও বাজে মন্তব্য করতে পারতেন না।
দেশের সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে আগুন দিচ্ছে, আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাতে ঘি ঢালছে। এ ছাড়া জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে দাবি করে তিনি বলেন, এর সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে এবং জাতীয় সংসদে জামায়াত মিথ্যাচার করেছে।