শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি পথেই নিষ্পত্তি হবে: রণধীর জয়সোয়াল
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানোর শর্ত সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত। শুক্রবার (১৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে একাধিক প্রশ্ন করা হলেও মুখপাত্র রণধীর জয়সোয়াল সরাসরি উত্তর দেওয়া থেকে বিরত থাকেন। তিনি কেবল পুনরাবৃত্তি করেন যে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি একটি আইনি প্রক্রিয়া এবং প্রচলিত আইন অনুযায়ীই এর নিষ্পত্তি হবে।
ব্রিফিংয়ে এক সাংবাদিক আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার সাম্প্রতিক একটি প্রতিবেদনের সূত্র ধরে প্রশ্ন তোলেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছিল, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে নয়াদিল্লি দুটি সম্ভাব্য শর্ত দিয়েছে। এর একটি হলো-তাঁকে ফিরিয়ে নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সামরিক বিমান পাঠাতে হবে। অপরটি হলো-আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে বিচার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো যোগাযোগ বা নিশ্চয়তা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে রণধীর জয়সোয়াল বলেন, “আপনি বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। দেখুন, সে বিষয়ে আমার বলার কিছু নেই।”
এ সময় শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন স্থলবন্দর নাকি আকাশপথে হবে, ভারত সরকারের এ নিয়ে কোনো প্রস্তুতি আছে কি না এবং বিষয়টি নিয়ে দিল্লি উদ্বিগ্ন কি না-সাংবাদিকদের এমন প্রশ্নেরও কোনো জবাব দেননি মুখপাত্র। এমনকি বিবিসি বাংলার প্রতিবেদনের তথ্য সত্য নাকি অসত্য, সে বিষয়েও তিনি কোনো অবস্থান স্পষ্ট করেননি।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। বন্দিবিনিময় চুক্তির আওতায় তাঁকে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়ে আসছে। এর মধ্যেই শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে। এর আগে গত ১০ নভেম্বরের ব্রিফিংয়ে রণধীর জয়সোয়াল জানিয়েছিলেন, ভ্রমণের জন্য বৈধ ভ্রমণ নথি বা ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন এবং পাসপোর্ট বা এনআইডির বিষয়ে বাংলাদেশ হাইকমিশনই ভালো বলতে পারবে।
এদিকে, আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার বিষয়েও শুক্রবারের ব্রিফিংয়ে প্রশ্ন ওঠে। জবাবে জয়সোয়াল জানান, দুই দেশের পারস্পরিক সম্মতিতে সুবিধাজনক কোনো তারিখে এই আলোচনা অনুষ্ঠিত হবে। কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে নানা খবর নজরে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ দ্বিপক্ষীয় সব বিষয়ে বিদ্যমান কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে। এমনকি সংশোধিত ভ্রমণ নথি ব্যবস্থাপনা ও কারিগরি পর্যায়ের আলোচনায়ও নয়াদিল্লির কোনো আপত্তি নেই এবং উভয় পক্ষের সুবিধাজনক সময়েই সংলাপ অনুষ্ঠিত হবে।