নিয়ামতপুরের নাগরিক প্রতিনিধিদের নিয়ে বগুড়ায় ইএসডিওর অ্যাডভোকেসি প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্থানীয় সরকার ব্যবস্থায় সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজ সংগঠন (সিএসও) ও সিটিজেন গ্রুপের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে দুই দিনব্যাপী তৃণমূল অ্যাডভোকেসি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত ১৪ ও ১৫ নভেম্বর বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নওগাঁর নিয়ামতপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে গঠিত সিএসও এবং সিটিজেন গ্রুপের নির্বাচিত ২৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর ‘গোফরইমপ্যাক্ট’ (Go4Impact) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে কারিগরি ও সার্বিক সহযোগিতা প্রদান করে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম। প্রশিক্ষণ কর্মশালাটি মূলত পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ।
আয়োজনে বিশেষ অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের মনিটরিং, ইভ্যালুয়েশন অ্যান্ড লার্নিং বিভাগের সিনিয়র ম্যানেজার মো. মার্জাদ মীর কামেলী। এ ছাড়া ইএসডিওর প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ে অ্যাডভোকেসি বা নীতিনির্ধারণী পর্যায়ে দাবি উত্থাপনের বিষয়ে নাগরিক প্রতিনিধিদের জ্ঞান, দক্ষতা এবং বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করা। কর্মশালায় বিশেষভাবে জলবায়ু-সহনশীল সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সেবা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকারের দায়িত্ব ও জবাবদিহিতা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিরাজমান জনদুর্ভোগ ও সমস্যা চিহ্নিতকরণ এবং সেসব সমাধানে নাগরিক সমাজের গঠনমূলক ও কার্যকর ভূমিকা কী হতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে গতানুগতিক বক্তৃতার পরিবর্তে অংশগ্রহণমূলক পদ্ধতি অনুসরণ করা হয়। মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় এবং দলীয় কাজ উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যা ও অংশীজনদের ভূমিকা পর্যালোচনা করেন। কর্মশালার শেষ পর্যায়ে নিয়ামতপুর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি সুনির্দিষ্ট তৃণমূল অ্যাডভোকেসি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
প্রশিক্ষণ শেষে আয়োজক ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই কর্মশালা থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নাগরিক প্রতিনিধিরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করতে পারবেন। এর ফলে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য চাহিদাভিত্তিক ও মানসম্মত নাগরিক সেবা নিশ্চিতকরণে তাঁরা আগামীতে আরও সক্রিয় ও জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবেন।