রাজশাহীতে সরকারি খাদ্য সংগ্রহের তথ্য চাওয়ায় সাংবাদিকদের হয়রানি
রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মোঃ এহসানুল হকের বিরুদ্ধে সাংবাদিকদের দাপ্তরিক ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রদানে চরম গড়িমসি, লুকোচুরি এবং অসহযোগিতার গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি ক্রয় কার্যক্রমের প্রয়োজনীয় তথ্য জানতে তাঁর দপ্তরে গেলে কখনো প্রশ্ন বুঝতে না পারার ভান, কখনো কালক্ষেপণ, আবার কখনো দপ্তরে সংশ্লিষ্ট নথি নেই বলে এড়িয়ে যাওয়ার মতো অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সরকারি দপ্তরের এমন রাখঢাকের কারণে খাদ্য সংগ্রহ কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে জনমনে গভীর প্রশ্ন দেখা দিয়েছে এবং স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিকদের সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর বুধবার দুপুর ১২টার দিকে গ্লোবাল টেলিভিশন ও দৈনিক যায়যায়দিনসহ বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধিরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে যান। এ সময় তাঁরা ২০২৫–২৬ অর্থবছরে বোরো মৌসুমে সিদ্ধ চাল সংগ্রহের জন্য রাজশাহী জেলার নয়টি উপজেলায় মোট কতটি চালকলের সঙ্গে সরকারের চুক্তি হয়েছে এবং কোন মিলের কাছ থেকে কত মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে, সে-সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য জানতে চান। উল্লেখ্য, ওই মৌসুমের চাল সংগ্রহ কার্যক্রম গত সেপ্টেম্বর মাসেই আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।
তথ্য চাওয়ার পর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ এহসানুল হক প্রথমে সাংবাদিকদের কাছে এসব তথ্য চাওয়ার কারণ জানতে চান। পেশাগত ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদনের প্রয়োজনে তথ্যগুলো দরকার বলে জানানো হলে তিনি পরদিন যোগাযোগ করার পরামর্শ দেন। পরদিন বৃহস্পতিবার তাঁর সঙ্গে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি ডিজিটাল মাধ্যমে তথ্য পাঠাতে অস্বীকৃতি জানান এবং অফিসের প্রধান সহকারীর কাছ থেকে সশরীরে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহের কথা বলেন। সাংবাদিকরা ই-মেইল কিংবা হোয়াটসঅ্যাপে তথ্য পাঠালে সুবিধা হবে জানালেও তিনি তাতে অপারগতা প্রকাশ করেন।
পরবর্তীতে সাংবাদিকরা দপ্তরের প্রধান সহকারীর সঙ্গে যোগাযোগ করলে তিনি যে নথি সরবরাহ করেন, সেখানে কেবল চুক্তিবদ্ধ চালকলগুলোর নামের তালিকা উল্লেখ ছিল। কিন্তু কোন মিলের কাছ থেকে কত মেট্রিক টন চাল কেনা হয়েছে, সেই মূল ও গুরুত্বপূর্ণ তথ্যটি গোপন রাখা হয়। অসম্পূর্ণ তথ্য দেওয়ার কারণ জানতে চাইলে প্রধান সহকারী স্পষ্ট জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রক তাঁকে এর বাইরে কোনো তথ্য দিতে নিষেধ করেছেন। এ বিষয়ে পুনরায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অত্যন্ত বিস্ময়করভাবে দাবি করেন, কোন মিল থেকে কত চাল কেনা হয়েছে সেই তথ্য নাকি তাঁর দপ্তরে নেই। প্রয়োজনে সাংবাদিকদের নিজ উদ্যোগে চালকল মালিকদের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহের পরামর্শ দেন তিনি।
প্রশাসন ও খাদ্য বিভাগ সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন, সরকারি চাল সংগ্রহের পুরো প্রক্রিয়াটি জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের সরাসরি তত্ত্বাবধান ও অনুমোদনের মাধ্যমেই সম্পন্ন হয়। কোন মিলের সঙ্গে কী পরিমাণ চাল সরবরাহের চুক্তি হয়েছে, কতটুকু চাল গুদামে ঢুকেছে এবং বিপরীতে কত টাকা বিল পরিশোধ করা হয়েছে, তার প্রতিটি হিসাব এই দপ্তরে সংরক্ষিত থাকা বাধ্যতামূলক। দাপ্তরিক নথি থাকা সত্ত্বেও তথ্য না দিয়ে সাংবাদিকদের মিল মালিকদের কাছে পাঠিয়ে দেওয়ার ঘটনাটিকে সংশ্লিষ্ট দপ্তরের কোনো অনিয়ম বা তথ্য আড়াল করার অপচেষ্টা হিসেবে দেখছেন সচেতন মহল।
এ বিষয়ে যুক্তিসংগত ব্যাখ্যা জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ এহসানুল হক একপর্যায়ে প্রতিবেদকের সঙ্গে অত্যন্ত কড়া ও অসৌজন্যমূলক ভাষায় কথা বলেন বলে অভিযোগ উঠেছে। তিনি সাফ জানিয়ে দেন যে, এসব তথ্য সাংবাদিকদের দেওয়া যায় না। কোন আইনে বা কী কারণে সরকারি ক্রয়ের তথ্য দেওয়া যাবে না, তা জানতে চাইলে তিনি আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং উল্টো সাংবাদিক হিসেবে কীভাবে তথ্য সংগ্রহ করতে হয়, তা নিয়েও প্রশ্ন তোলেন।
এর আগেও খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে খাদ্য ক্রয় প্রক্রিয়া এবং ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগের বিষয়ে দপ্তরের অগ্রগতি ও নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক একইভাবে অসংলগ্ন উত্তর দিয়ে মূল বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ করেছেন গণমাধ্যমকর্মীরা।
তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু ব্যতীত সরকারি দপ্তরের সব ধরনের ক্রয়, চুক্তি ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য জনগণের জানার অধিকার রয়েছে এবং গণমাধ্যমকর্মীরা সেই তথ্য পাওয়ার আইনগত অধিকার রাখেন। এমতাবস্থায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের এমন আচরণ তথ্য অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং পেশাগত কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি বলে মনে করছেন রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিকরা। সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং দাপ্তরিক তথ্যপ্রাপ্তি সহজ করার দাবি জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।