সিসিটিভি বিশ্লেষণে শনাক্ত মধ্যরাতে বাড়ি থেকে আটক, থানায় মামলা
নওগাঁ শহরে এক স্কুলছাত্রীকে সড়কে হেনস্তার ঘটনায় দ্রুত অভিযানে নেমে অভিযুক্ত তরুণকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সুপারের সরাসরি নির্দেশে পরিচালিত এ ঝটিকা অভিযানে প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে মধ্যরাতে তার নিজ বাসা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনাটি সম্পর্কে অবগত হন।
জানা যায়, শহরের একটি স্বনামধন্য বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে হেঁটে বাড়ি ফেরার পথে একা পেয়ে এক মোটরসাইকেল আরোহী তার পথরোধ করে। পরে সে ছাত্রীর শরীরে স্পর্শ করে (অশালীন আচরণ) দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।
ঘটনার পর থেকেই ওই ছাত্রী চরম মানসিক ভীতি ও আতঙ্কে ভুগছিল এবং স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানা যায়।
বিষয়টির গুরুত্ব অনুধাবন করে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে জেলা গোয়েন্দা শাখাকে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করে।
পরবর্তীতে মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে ডিবির একটি দল নওগাঁ জেলার কাদোয়া (উত্তরপাড়া) এলাকা থেকে মো: গোলাম মোস্তফা ওরফে রাব্বি (২৭), পিতা: মো: হাফিজার রহমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
এসময় ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেল এবং অভিযুক্তের পরিহিত শার্ট জব্দ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনাটি স্বীকার করেছে। পাশাপাশি অতীতেও সে স্কুলছাত্রীদের সঙ্গে অনুরূপ ইভটিজিং ও অশালীন আচরণ করেছে বলে তথ্য পাওয়া গেছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মুঠোফোনে বলেন, “সড়কে ইভটিজিং বা স্কুলছাত্রীদের প্রতি যেকোনো ধরনের অশালীন আচরণ বরদাস্ত করা হবে না। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”