পারিবারিক কলহে পুলিশ সদস্যের আত্মহত্যা
খুলনায় দায়িত্ব পালনকালে নিজের ইস্যুকৃত রাইফেলের গুলিতে সম্রাট বিশ্বাস (পুলিশ কনস্টেবল) আত্মহত্যা করেছেন। শনিবার ভোরে খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ের অস্ত্রাগারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দায়িত্বে থাকা অবস্থায় সম্রাট নিজের রাইফেল দিয়ে মাথায় গুলি করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সম্রাট গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চরপদ্মবিলা গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০১৮ সালে পুলিশে যোগ দেওয়া সম্রাট চাকরিরত অবস্থায় সাতক্ষীরা জেলা পুলিশের নারী কনস্টেবল পুঁজা দাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রায় ছয় মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। আগামী মাসে আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
তবে বিয়ের পর থেকে দাম্পত্য কলহ চলছিল বলে জানিয়েছে পরিবার ও সংশ্লিষ্ট সূত্র। নিহতের স্বজনদের দাবি, ঘটনার আগের রাতেও স্বামীর সঙ্গে ফোনে পুঁজা দাসের কথা কাটাকাটি হয়। এসব বিষয় নিয়ে মানসিকভাবে চাপে ছিলেন সম্রাট।
সম্রাটের মামা সত্যজিৎ রায় বলেন, পারিবারিকভাবে বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কারণে হতাশা থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।