সান্তাহারে ছিনতাইকারীর হামলায় ডিপিডিসি কর্মকর্তা ও স্ত্রী গুরুতর আহত
ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হয়ে স্ত্রীসহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফজলে রাব্বি (২৭)। গতকাল মঙ্গলবার ভোরে বগুড়ার সান্তাহার রেলস্টেশনের অদূরে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলটি নওগাঁ সদর থানার আওতাধীন।
হামলায় ফজলে রাব্বির মাথা, ডান গাল ও ডান বাহুতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। ছিনতাইকারীর রামদা ঠেকাতে গিয়ে তাঁর স্ত্রী পলি খাতুনের ডান হাতের চারটি আঙুল মারাত্মকভাবে আহত হয়। এর মধ্যে একটি আঙুলের শিরা কেটে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় স্থানান্তর করা হতে পারে।
ফজলে রাব্বির বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মাইস্তা গ্রামে। তাঁর শ্বশুরবাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি জানান, স্ত্রী, সাত বছরের ছেলে, স্ত্রীর বড় বোন ও বোনের ননদকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তাঁরা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ভোরে সান্তাহার স্টেশনে পৌঁছান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন।
স্টেশন থেকে মাত্র দুই মিনিট দূরে যাওয়ার পর অটোরিকশার দুই পাশ থেকে টর্চলাইটের আলো ফেলা হয়। প্রথমে তাঁরা ধারণা করেছিলেন, পুলিশ চেকপোস্ট হতে পারে। কিন্তু মুহূর্তের মধ্যেই দুর্বৃত্তরা তাঁদের পকেটে হাত দিয়ে মুঠোফোন বের করার চেষ্টা করে এবং পেছনের আসন থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে দুটি মুঠোফোন, গয়না ও অন্যান্য মালামাল ছিল।
ছিনতাই বুঝতে পেরে ফজলে রাব্বি দুর্বৃত্তদের একজনের হাতে থাকা রামদা ধরে ফেলেন। এ সময় তিনি তিনজনকে সামনে দেখতে পান। তবে আরেকজন পেছন থেকে এসে তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। তিনি মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। রামদা ঠেকাতে গিয়ে তাঁর স্ত্রীর হাতের আঙুলগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় পেছন থেকে আরও দুটি সিএনজিচালিত অটোরিকশার আলো দেখা দিলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরে অটোরিকশার চালক আহত দম্পতিকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শংকর কুমার বিশ্বাস আজ বুধবার সকালে বলেন, ফজলে রাব্বির শরীরে অস্ত্রোপচার করা হয়েছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
বগুড়ার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, খবর পেয়ে তিনি ও সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। তবে ঘটনাস্থলটি নওগাঁ সদর থানার আওতায় পড়ায় সেখানকার পুলিশ বিষয়টি দেখছে। আহত ব্যক্তিরা এখনো থানায় এসে মামলা করেননি।