চাঁপাইনবাবগঞ্জে ডেভিল হান্ট ফেজ-২-২৪ ঘণ্টায় ৬ জন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২’-এর অংশ হিসেবে এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ। তিনি জানান, নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার প্রতিটি উপজেলায় নজরদারি বাড়ানো হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের গাজিপুর গ্রামের আবুল কালামের ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ শিকদার রুবেল (৩৮), একই উপজেলার ধাইনগর ইউনিয়নের মজলিম মন্ডলের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি হারুন অর রশিদ (৪৩), সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মৃত মকবুল মন্ডলের ছেলে ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ওরফে রফিক ঘাটেল (৫৫), রহনপুর পৌরসভার মৃত গোলাম মোস্তফার ছেলে ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান (৩৩), নাচোল উপজেলার আঝাইর গ্রামের মৃত সাহেবজানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ওবাইদুর রহমান (৩৮) এবং ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বজরাটেক এলাকার খান মোহাম্মদের ছেলে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবিরুল ইসলাম (৪৮)।
জেলা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে পাঁচজনকে সরাসরি সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে এবং সম্ভাব্য সহিংসতা ঠেকাতে এই অভিযান অব্যাহত থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ আরও বলেন, দেশজুড়ে যৌথবাহিনীর নেতৃত্বে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও কঠোরভাবে অভিযান চলছে। জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।