রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে মার্চ, পুলিশের বাধায় স্থগিত
রাজশাহীতে ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগঠন ‘জুলাই ৩৬ মঞ্চ’-এর উদ্যোগে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে ‘মার্চ টু’ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নগরের ভদ্রা মোড় থেকে শুরু হওয়া এ কর্মসূচি পুলিশের বাধার মুখে মাঝপথেই স্থগিত হয়ে যায়।
পূর্বঘোষণা অনুযায়ী মিছিলটি সহকারী হাইকমিশন কার্যালয়ের দিকে অগ্রসর হলে প্রায় ১০০ মিটার দূরে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে সামনে এগোনোর অনুমতি চান। প্রায় ১৫ মিনিট অপেক্ষার পর অনুমতি না পেয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, এ সময় পুলিশ তাদের গায়ে হাত তোলে।
ঘটনার পর আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে বসে অবস্থান কর্মসূচি পালন করেন। এক ঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থান করলেও নিরাপত্তাজনিত কারণে সহকারী হাইকমিশন-সংলগ্ন সড়কে কাউকে প্রবেশ করতে দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কর্মসূচিতে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হযরত আনাস, রাজশাহী মহানগরের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব সোয়েব আহমেদ, জেলা এনসিপি থেকে পদত্যাগ করা সাংগঠনিক সম্পাদক ইফফাত উদ্দিন আবির, জুলাই যোদ্ধা আবু রায়হান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলার মুখপাত্র বুশরাসহ ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে জুলাই যোদ্ধা মিফতাহুল জান্নাত বিভা বলেন, ভারত পলাতক সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে—এই অভিযোগের প্রতিবাদ জানাতেই কর্মসূচির আয়োজন করা হয়। তিনি তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত সব পলাতক আসামিকে বাংলাদেশে ফেরত দিতে হবে, তা না হলে বাংলাদেশ থেকে ভারতীয় হাইকমিশন প্রত্যাহার বা স্থগিতাদেশ দিতে হবে এবং এই কর্মসূচিতে পুলিশের কথিত হামলার জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।
এই দাবিসংবলিত একটি লিখিত আবেদন নগরের বোয়ালিয়া জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) গোলাম রাব্বানী শেখের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে তিনি বলেন, উত্থাপিত তিনটি দাবির মধ্যে দুটি জাতীয় পর্যায়ের সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট। দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।