হত্যাযজ্ঞ মামলায় ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জুলাই-আগস্টের হত্যাযজ্ঞ সংক্রান্ত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
বিচারিক প্যানেলের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ওবায়দুল কাদের ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
এর আগে বৃহস্পতিবার সকালে এই সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিমের শুনানি শেষে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং পরবর্তী শুনানির জন্য আগামী ২৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গত ৮ ডিসেম্বর এই মামলার তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। তদন্তে জুলাই-আগস্টের আন্দোলন দমন, গণহত্যা ও ব্যাপক নিপীড়নের একাধিক অভিযোগ উঠে এসেছে। অভিযোগে বলা হয়, ওবায়দুল কাদেরের উসকানি ও নির্দেশনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালায়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আদেশকে জুলাই-আগস্টের সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিচারিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।