শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে ভাসানী জনশক্তি পার্টির গভীর শোক
না ফেরার দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক সাহসী প্রতীক। ২০২৪ সালের জুলাই বিপ্লবে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার আত্মত্যাগ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করার প্রার্থনা জানান।
শোকবার্তায় তারা শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। দোষীদের শাস্তি না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও তারা উল্লেখ করেন।
ভাসানী জনশক্তি পার্টির নেতারা আরও বলেন, শহীদ শরীফ ওসমান হাদীর আদর্শ ও সংগ্রামকে ধারণ করেই দেশের গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে নিতে হবে। তার রক্ত বৃথা যেতে দেওয়া হবে না—এই প্রত্যয় ব্যক্ত করেন তারা।