'জনগণের সম্পৃক্ততা ছাড়া অপরাধ নির্মূল অসম্ভব'
মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ রুখে দিতে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের তাগিদ দেওয়া হয়েছে। রাজশাহী জেলার তানোর থানা কম্পাউন্ডে আয়োজিত এক বিশেষ কমিউনিটি পুলিশিং সভায় অপরাধ দমনে সামাজিক সচেতনতা ও পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততার ওপর জোর দেন বক্তারা।
শনিবার সকাল ১১টায় তানোর থানা পুলিশের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।
অনুষ্ঠানস্থলে প্রধান অতিথি পৌঁছালে তাঁকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। পরবর্তীতে রাজশাহী জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে আনুষ্ঠানিকভাবে 'গার্ড অব অনার' প্রদান করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, সমাজ থেকে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন এবং উগ্রবাদের মতো অপরাধ পুরোপুরি নির্মূল করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক চেষ্টা যথেষ্ট নয়। অপরাধ দমনে জনগণের সক্রিয় অংশগ্রহণ, সামাজিক প্রতিরোধ এবং তাৎক্ষণিক তথ্য প্রদান অত্যন্ত জরুরি। কোনো ধরনের অপরাধের আলামত বা তথ্য পেলে দ্রুত তা পুলিশকে জানানোর জন্য তিনি সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান।
রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় তানোর উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে ডিআইজি মো. আশিক সাঈদ তানোর থানা চত্বরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন জোরদারের লক্ষ্যে একটি ফলজ ও বনজ চারা রোপণ করেন। সে সময় তিনি বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় শুধু গাছ লাগালেই চলবে না, তার সঠিক পরিচর্যা ও সুরক্ষাও নিশ্চিত করতে হবে।