নিয়ামতপুরে পঞ্চবার্ষিক উন্মুক্ত উন্নয়ন পরিকল্পনা সভা
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্ত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বিষয়ক উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন চাহিদা, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে একটি অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর আয়োজনে এবং সুইজারল্যান্ড, ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) জাহাঙ্গীর আলম খাঁন। এছাড়াও ইউনিয়নে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় উদ্যোক্তা এবং ইএসডিও’র কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।
সভায় ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক উন্মুক্ত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য উপস্থিত সকলের মতামত গ্রহণ করা হয়। এ পরিকল্পনাকে ভিত্তি করে ভবিষ্যতে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, টেকসই ও জনবান্ধবভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মত দেন।
সভায় সভাপতির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান ওয়াজেদ আলী বলেন, “ইউনিয়ন পরিষদের সার্বিক ও টেকসই উন্নয়নের জন্য পঞ্চবার্ষিক উন্মুক্ত উন্নয়ন পরিকল্পনা অত্যন্ত জরুরি। পরিকল্পিত উন্নয়ন না হলে অনেক সময় কাঙ্ক্ষিত সুফল জনগণের কাছে পৌঁছায় না। একটি সুসমন্বিত উন্নয়ন পরিকল্পনা ইউনিয়নের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি করে।”
তিনি আরও বলেন, এমন পরিকল্পনার মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমে গতি আসবে এবং জনগণের চাহিদার প্রতিফলন ঘটবে।