তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে রাজশাহী বিভাগীয় যুবদলের প্রস্তুতি সভা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ
প্রত্যাবর্তন উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করতে রাজশাহী বিভাগীয় যুবদলের
প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রাজশাহী শহরের অলোকার
মোড়ের মাস্টার শেফ রেস্টুরেন্টের হলরুমে এ সভা হয়।
সভায় রাজশাহী
বিভাগের ৮ জেলার ৯টি ইউনিটের যুবদলের শীর্ষ নেতারা অংশ নেন। তৃণমূল পর্যায়ে
সাংগঠনিক প্রস্তুতি জোরদার করাই ছিল সভার মূল লক্ষ্য। রাজশাহী জেলা ও
মহানগরসহ সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও
পাবনা জেলার যুবদলের আহ্বায়ক, সদস্য সচিব ও ‘সুপার ৫’ নেতারা উপস্থিত
ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী
কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর তারেক
রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রকামী মানুষের জন্য নতুন বার্তা বহন
করবে।
সভায় সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক
সহ-সাধারণ সম্পাদক ও পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা।
সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল
ইসলাম জনি।
সভায় নেতারা ২৫ ডিসেম্বরের কর্মসূচি সফল করতে নিজ নিজ ইউনিট থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের অঙ্গীকার করেন।