তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিমানবন্দরে কড়া নিরাপত্তা
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে বাড়তি অপারেশনাল ও নিরাপত্তা প্রস্তুতি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্র জানায়, তারেক রহমান আজ বুধবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ফ্লাইট BG-202–এ সিলেট হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (ঢাকা সময় রাত ১২টা ১৫ মিনিট) যাত্রা শুরু করবে।
বোয়িং উড়োজাহাজে পরিচালিত এই ফ্লাইট আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখানে এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সূচি নির্ধারণ করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চপর্যায়ের যাত্রীর উপস্থিতির কারণে ফ্লাইটটির ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। ফ্লাইট অপারেশন কন্ট্রোল, কেবিন সার্ভিস, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে পুরো কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রয়োজনে শেষ মুহূর্তে কেবিন ক্রু মোতায়েনেও সমন্বয় করা হয়েছে।
বিমানবন্দরে কড়াকড়ি নিরাপত্তা :-
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানান, বিশেষ নিরাপত্তা ও অপারেশনাল বিবেচনায় আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত যাত্রী ছাড়া দর্শনার্থী ও স্বজনদের টার্মিনালে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যাত্রীসেবা, টার্মিনালের শৃঙ্খলা এবং এয়ারসাইড কার্যক্রম নির্বিঘ্ন রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সম্ভাব্য যানজটের আশঙ্কায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামীকাল ভ্রমণকারী দেশি ও বিদেশি যাত্রীদের নির্ধারিত সময়ের অনেক আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, বিমানবন্দর এলাকা, এয়ারপোর্ট রোড, গুলশান সংযোগ সড়ক ও পূর্বাচল এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত জনসমাগম হতে পারে, যা সড়ক চলাচলে প্রভাব ফেলতে পারে।