চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টায় বিপুল সংখ্যক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে তিনি গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ইয়াইয়া খালেদ, জেলা কর্মপরিষদ সদস্য তোরিকুল ইসলাম বকুল, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মারুফুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদাসহ নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা ও পৌর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে ড. মিজানুর রহমান নেতা-কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়া জরুরি। শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এলাকায় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।