রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › আজকের শীর্ষ সংবাদ › বিনা খরচে প্রশিক্ষণসহ ইতালিতে কাজের সুযোগ

বিনা খরচে প্রশিক্ষণসহ ইতালিতে কাজের সুযোগ

favicon
উপচার ডেস্ক :-
বিনা খরচে প্রশিক্ষণসহ ইতালিতে কাজের সুযোগ

ইউরোপের অন্যতম সমৃদ্ধ অর্থনীতির দেশ ইতালিতে বৈধভাবে কাজের স্বপ্ন দেখা বাংলাদেশিসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য বড় ধরনের সুখবর দিয়েছে দেশটির সরকার। ক্রমবর্ধমান শ্রমবাজারের ঘাটতি পূরণে ২০২৬–২০২৮ মেয়াদি বহুবার্ষিক অভিবাসন পরিকল্পনার অংশ হিসেবে আসন্ন ২০২৭ সালের জন্য মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগের কোটা চূড়ান্ত করা হয়েছে। ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় জারিকৃত সরকারি প্রজ্ঞাপনে এই বিশাল কর্মসংস্থানের রূপরেখা প্রকাশ করা হয়েছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, নির্ধারিত এই ১ লাখ ৬৫ হাজার ৮৫০টি কোটাকে প্রধানত তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে কৃষি ও পর্যটন খাতে মৌসুমি কর্মী হিসেবে সর্বোচ্চ ৮৯ হাজার জন কাজের সুযোগ পাবেন। অন্যদিকে, দীর্ঘমেয়াদি বা অমৌসুমি কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে ৭৬ হাজার ২০০ জনকে, যার মধ্যে ১৪ হাজার পদ বিশেষভাবে সংরক্ষিত রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা ও গৃহস্থালি খাতের জন্য। এ ছাড়া স্বনির্ভর পেশাজীবীদের জন্য ৬৫০টি কোটা বরাদ্দ রাখা হয়েছে।

ইতালির প্রচলিত অভিবাসন আইন বা ‘ডিক্রেতো ফ্লুসি’র (Decreto Flussi) আওতায় এই কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ইতালীয় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক, ২০২৭ সালের কর্মী প্রবেশের জন্য অনলাইনে প্রাথমিক তথ্য পূরণ বা প্রি-ফিলিং কার্যক্রম ইতোমধ্যে গত ২৩ অক্টোবর থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। এই নির্ধারিত সময়ের মধ্যে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘পোর্তালে সেরভিজি এএলআই’ (Portale Servizi ALI) পোর্টালে প্রবেশ করে আবেদনসংক্রান্ত তথ্য জমা দিতে হবে। প্রাথমিক তথ্য পূরণ শেষে আগামী ৯ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে পোর্টালটি পুনরায় খোলা হবে, যেখানে পূর্বে শুরু করা আবেদনগুলো চূড়ান্তভাবে যাচাই ও সংরক্ষণ করার সুযোগ থাকবে। পরবর্তীতে ২০২৭ সালের ১২ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে খাতভিত্তিক নির্ধারিত ‘ক্লিক ডে’-তে (Click Day) চূড়ান্ত আবেদন জমা নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, বিদেশি কোনো কর্মী নিজে সরাসরি এই কোটার জন্য আবেদন করতে পারবেন না। আবেদন জমা দেওয়ার সম্পূর্ণ আইনি দায়িত্ব ইতালিতে অবস্থানরত বৈধ নিয়োগকর্তা বা অনুমোদিত প্রতিষ্ঠানের। আগ্রহী কর্মীর পাসপোর্টের কপি, চাকরির চুক্তিনামা এবং আবাসন সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে নিয়োগকর্তা নিজেই অনলাইনে কাজের অনুমোদন বা ‘নুল্লা ওস্তা’র (Nulla Osta) জন্য আবেদন করবেন।

দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এবার কর্মী নিয়োগের পাশাপাশি বিশেষ প্রশিক্ষণ প্রকল্পের উদ্যোগ নিয়েছে ইতালি সরকার। দেশটির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় পরিচালিত এই প্রকল্পে প্রশিক্ষণার্থীদের কোনো ধরনের অর্থ ব্যয় করতে হবে না; বরং প্রশিক্ষণের যাবতীয় খরচ বহন করবে সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো স্পষ্টভাবে জানিয়েছেন, এই প্রশিক্ষণ প্রকল্পগুলো সম্পূর্ণভাবে ইতালীয় প্রতিষ্ঠানগুলোর চাহিদার ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। প্রথমে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো তাদের কর্মী চাহিদা নির্ধারণ করবে এবং পরবর্তীতে সেই চাহিদার আলোকে প্রশিক্ষণার্থী নির্বাচন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

ইতালির ভিসা প্রক্রিয়াকে কেন্দ্র করে বাংলাদেশে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা প্রতারক ও দালাল চক্রের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। তিনি সতর্ক করে বলেছেন, কর্মী পাঠানোর এই সরকারি প্রক্রিয়ায় কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির মাধ্যমে অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই। যদি কোনো আবেদনকারী ভিসা বা চাকরির নিশ্চয়তার আশায় মধ্যস্থতাকারীর সঙ্গে অর্থ লেনদেন করেন, তবে তার ভিসা আবেদন সরাসরি বাতিল করা হবে।

অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, ইতালিতে কেবল কোটা ঘোষিত হলেই ভিসা নিশ্চিত হয়ে যায় না; বরং নির্ধারিত সময়ের মধ্যে বৈধ নিয়োগকর্তার মাধ্যমে সঠিক নিয়মে আবেদন জমা দেওয়া এবং ‘নুল্লা ওস্তা’ অনুমোদন পাওয়া বাধ্যতামূলক। তাই ভিসাপ্রত্যাশীদের কোনো প্রতারক চক্রের প্রলোভনে পা না দিয়ে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল পোর্টাল এবং ঢাকার ইতালীয় দূতাবাসের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।