গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান আলী রীয়াজের
গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ব্যালটে টিক চিহ্নই সঠিক সিদ্ধান্তের প্রতীক এবং এটিই হবে আগামীর বাংলাদেশের পথনির্দেশনা।
সোমবার দুপুরে রাজশাহীর হজরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, ভোটের দিন ভোটারদের হাতে দুটি ব্যালট থাকবে। একটি সাদা ব্যালটে প্রার্থীর পক্ষে ভোট দেওয়া যাবে এবং গোলাপি রঙের ব্যালটে থাকবে ‘হ্যাঁ’ ও ‘না’—যেখানে টিক চিহ্ন ও ক্রস চিহ্নের মাধ্যমে মতামত জানাতে হবে। তিনি বলেন, গণভোটের ক্ষেত্রে টিক চিহ্নই হচ্ছে সঠিক সিদ্ধান্তের প্রতীক। চাইলে পরে ঠিক করে সিল দিয়ে টিক চিহ্ন দেওয়া যাবে।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়েছে। এই অঙ্গীকার রক্ষা করা তাদের নৈতিক দায়িত্ব। কোনো সম্মানিত মানুষ এসব প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছেছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, এটি সরকারের চাপিয়ে দেওয়া কোনো বিষয় নয়। নির্ধারিত ১৮০ দিনের মধ্যেই এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম বজলুর রশীদ, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ড. মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান।