রাজশাহী-২: ধানের শীষে ভোট, বিএনপির পক্ষে জোটে বিজেপি সমর্থন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে আনুষ্ঠানিকভাবে সমর্থন ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) রাজশাহী মহানগর।
রাজশাহী মহানগর বিজেপির আহবায়ক সরদার জুয়েল ও সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদ নেতৃত্বে দলের প্রতিটি থানা ও অঙ্গসংগঠনের নেতা-নেত্রীদের সঙ্গে একযোগে ধানের শীষের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
সরদার জুয়েল বলেন, “ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ একজন জাতীয়তাবাদী আদর্শের অগ্রদূত। তিনি বিএনপি জোটের পক্ষে শুরু থেকেই ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে জনাব তারেক রহমানের সঙ্গে কাজ করে যাচ্ছেন। কেন্দ্রের নির্দেশে আজ আনুষ্ঠানিকভাবে বিজেপি বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছে।”
এসময় মহানগর বিজেপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর আসাদ বলেন, “বিএনপি ও বিজেপি আগামী নির্বাচনে একসাথে কাজ করবে। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমরা মিজানুর রহমান মিনুকে বিশাল ব্যবধানে বিজয়ী করার লক্ষ্যে প্রচারণায় অংশগ্রহণ করব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিজেপির যুগ্ম আহবায়ক বাকি চিশতি, মেহেদী হাসান নয়ন, বোয়ালিয়া থানা (উত্তর) আহবায়ক আরিফুল ইসলাম শফি, সদস্য সচিব শিবলি আহমেদ, বোয়ালিয়া থানা (দক্ষিন) আহবায়ক মোঃ অপু, সদস্য সচিব মোঃ নোহান, রাজপাড়া থানা আহবায়ক ফারুক হোসেন, চন্দ্রিমা থানা আহবায়ক মোঃ সাব্বির হোসেন, শাহমখদুম থানা সিনিয়র যুগ্ম আহবায়ক সূর্য হোসেন চঞ্চল, বাংলাদেশ জাতীয় যুবসংহতি মহানগর আহবায়ক ফারুক আব্দুল্লাহ জীবন, বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি মহানগর ভারপ্রাপ্ত আহবায়ক সাগর হোসেন ও সদস্য সচিব দুলাল খান, বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজ মহানগর আহবায়ক পারভেজ মোশাররফ প্রমুখ।
রাজশাহী মহানগর বিজেপির এ সমর্থন ঘোষণার মধ্য দিয়ে আসন্ন নির্বাচনে রাজশাহী-২ আসনে জোটের ভোট সামরিক এবং রাজনৈতিক সমর্থন পাবে বলে মনে করা হচ্ছে।