মাঘের শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
ছয়টি ঋতুর দেশ বাংলাদেশ আসতে আসতে বিদায় নিচ্ছে শীতকাল এগিয়ে আসছে বসন্ত এ সময় শীতের অনুভূতি একেবারে নেই বললেই চলে। তবে এখনো ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে থাকছে আমাদের চারপাশ। এই অবস্থার মধ্যেই আগামী দু-দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কমে বাড়তে পারে শীতের অনুভূতি।
শীত বিদায়ের এই সময়ে আবহাওয়া অধিদপ্তর নতুন বার্তা দিয়েছে। আবহাওয়াবিদদের মতে, শুক্র ও শনিবার (৬-৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তবে এই দু-দিনে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এরমধ্যে শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে। পাশাপাশি শনিবারও তাপমাত্রা কিছুটা কমার আভাস দিয়েছেন তারা।
রোববার থেকে মঙ্গলবার (৮-১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এই ৩ দিনে দেশের নদী অববাহিকায় কুয়াশার দাপট একই রকম থাকতে পারে। রোববার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে সোম ও মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।