তানোরে ধানের শীষের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে
রাজশাহীর তানোরে আসন্ন ধানের শীষের নির্বাচনী জনসভা সফল করতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন। জনসভাকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কৌশল ও মাঠপর্যায়ের পরিস্থিতি তুলে ধরতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শনিবার সন্ধ্যার পর বরেন্দ্র ক্যাবল ভবনসংলগ্ন তানোর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতারা। সভায় প্রধান বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
তিনি জানান, আগামী ৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে তানোর পৌরসভার গোল্লাপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের নির্বাচনী জনসভা। তিনি বলেন, এই মাঠ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এখানেই জনসভা করেছিলেন। সেই ঐতিহ্যকে স্মরণ করেই এবার তার ছোট ভাই শরীফ উদ্দীনের প্রথম সংসদ নির্বাচনে অংশগ্রহণ উপলক্ষে এই মাঠকেই জনসভার ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।
মিজানুর রহমান মিজান আরও বলেন, জনসভায় তানোর উপজেলার সাতটি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ৮১টি ওয়ার্ড থেকে প্রায় ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। জনসভার অন্যতম আকর্ষণ হিসেবে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সহধর্মিণী আভা হকের উপস্থিতির বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।
বক্তব্যে তিনি প্রতিপক্ষ দল জামায়াতকে সমালোচনা করে বলেন, তারা একদিকে ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন হবে না বলে আশ্বাস দিচ্ছে, অন্যদিকে ধর্মকে পুঁজি করে ভোট চাইছে। এই দ্বিচারিতা জনগণ ইতোমধ্যেই বুঝে ফেলেছে। তিনি বলেন, শুরুতে বিএনপির কিছু নেতাকর্মীর মধ্যে মান-অভিমান থাকলেও এখন সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। তানোর আসন বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই।
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে শরীফ উদ্দীন তার প্রয়াত ভাইয়ের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করবেন এবং এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবেন। তিনি আরও বলেন, ভোটের মাঠে উভয় পক্ষই এখন পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে প্রচারণা চালাচ্ছে এবং এই পরিবেশ ভোটের দিন ও ভোটের পরেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
সভায় জানানো হয়, জনসভায় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে এবং শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। শেষে মিজানুর রহমান মিজান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি তানোরে ধানের শীষের ভূমিধস বিজয় হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, ড্যাব নেতা ডা. মিজানুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি পলি, পাচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মুর্তজা, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নানসহ উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।