দুর্গাপুরে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে মাঠে মনজুর রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মাওলানা মনজুর রহমান।
নির্বাচনী মাঠে সরাসরি ভোটারদের কাছে পৌঁছাতে তিনি দুর্গাপুর উপজেলায় দিনব্যাপী গণসংযোগ ও সমাবেশ কর্মসূচি পালন করেন।
গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাওলানা মনজুর রহমানের নেতৃত্বে একটি মিছিল দুর্গাপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি মেডিকেল মোড় এলাকায় গিয়ে শেষ হয়, সেখানে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত সমাবেশ। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা মনজুর রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি দুর্গাপুর ও পুঠিয়া এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে তিনি প্রশাসনসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।
গণসংযোগ চলাকালে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নারী ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ বিষয়ে মাওলানা মনজুর রহমান বলেন, দীর্ঘদিন পর এই আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী থাকায় সাধারণ মানুষ বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা বেড়েছে, যা নির্বাচনের দিন প্রতিফলিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ। তাদের মধ্যে রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন, দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ শামিম উদ্দিন, নায়েবে আমীর ফজলুল বারী সোহরাব, দুর্গাপুর পৌর জামায়াতের মাওলানা রফিকুল ইসলাম, ঝালুকা ইউনিয়নের আমীর আলিউল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা সেক্রেটারি আব্দুর রব হোসেন এবং সাবেক পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন ঘিরে দুর্গাপুরে দিন দিন প্রচারণার গতি বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের গণসংযোগ ও সমাবেশে এলাকায় ভোটের আমেজ স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয়রা।