গুলিবিদ্ধের ঘটনায় দুষ্কৃতকারীদের শাস্তির দাবিতে রাজশাহী মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো প্রতিবাদ মিছিল করেছে।
শনিবার রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর বাটার মোড় থেকে শুরু হয়ে সোনাদিঘির মোড় ও জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে গণকপাড়া মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু। এছাড়া রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্যসচিবরা অংশ নেন। পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাবেক মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির নেতারাও মিছিলে উপস্থিত ছিলেন।
প্রতিবাদ মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লার ওপর হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি এবং নির্বাচনকে ঘিরে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত প্রকৃত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।